চিরনিদ্রায় শায়িত সাংবাদিক জাহিদ রিপন | Daily AjKaler Kontho

চিরনিদ্রায় শায়িত সাংবাদিক জাহিদ রিপন


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৬, ৫:২১ অপরাহ্ন
চিরনিদ্রায় শায়িত সাংবাদিক জাহিদ রিপন

এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তর-এর পটুয়াখালী উপকূল প্রতিনিধি এবং মহিপুর প্রেসক্লাবের সভাপতি, প্রথিতযশা সাংবাদিক জাহিদুল ইসলাম রিপন আর নেই। তাঁর মৃত্যুতে উপকূলীয় সাংবাদিকতা অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর।

শুক্রবার জুমার নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের এতিমখানা কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর নামাজে জানাজায় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা শেষে কলাপাড়া প্রেসক্লাব, পটুয়াখালী জেলা প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কুয়াকাটা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম এবং মহিপুর প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সাংবাদিক জাহিদ রিপন দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসছিলেন। উপকূলের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা জাতীয় গণমাধ্যমে তুলে ধরতে তাঁর ভূমিকা ছিল অনন্য। তাঁর অকালপ্রয়াণে সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয় বলে মনে করছেন সহকর্মীরা।

মরহুম জাহিদ রিপন স্ত্রী ও তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজকালের কন্ঠ/আর বি