দাউদকান্দিতে বাস–অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ৪ জন নিহত | Daily AjKaler Kontho

দাউদকান্দিতে বাস–অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ৪ জন নিহত


কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
দাউদকান্দিতে বাস–অটোরিকশা–মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ৪ জন নিহত

কুমিল্লার দাউদকান্দিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে দুই শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি ইকবাল বাহার আরও জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে দ্রুত পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট উদ্ধারকাজ পরিচালনা করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আজকালের কন্ঠ/আর বি