অবৈধ সম্পদ অর্জন: সাবেক এমপি বাবলু ও স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! | Daily AjKaler Kontho

অবৈধ সম্পদ অর্জন: সাবেক এমপি বাবলু ও স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা!


শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অবৈধ সম্পদ অর্জন: সাবেক এমপি বাবলু ও স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা!

বগুড়ার গাবতলী–শাজাহানপুর এলাকায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য মো. রেজাউল করিম বাবলু (৬৩) ও তার স্ত্রী বিউটি খাতুন (৫৫)-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশন (দুদক) দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালত এ আদেশ দেন। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে হুলিয়া জারির নির্দেশও দেওয়া হয়েছে। আদেশটি দেন বগুড়ার সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির।

আদালত সূত্রে জানা যায়, তথ্য গোপন করে জ্ঞাত আয়বহির্ভূতভাবে মোট ১ কোটি ২ লাখ ৬ হাজার ২৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় দুদকের অভিযোগপত্র আদালত গ্রহণ করেন। এর আগে দুদকের নোটিশের প্রেক্ষিতে সাবেক এমপি বাবলু ও তার স্ত্রী পৃথকভাবে সম্পদ বিবরণী দাখিল করেন। পরবর্তীতে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধান শেষে অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় মামলা দায়ের করা হয়।
দুদক বগুড়া জেলা কার্যালয়ের তৎকালীন উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২০২৪ সালের ২৫ মার্চ দুর্নীতি দমন কমিশন আইনে দম্পতির বিরুদ্ধে মামলা করেন। মামলাটির তদন্ত প্রথমে সহকারী পরিচালক (এডি) তারিকুর রহমান শুরু করলেও বদলির কারণে পরবর্তীতে এডি জাহিদুল ইসলাম তদন্তভার গ্রহণ করেন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় গত ডিসেম্বর মাসে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসামিরা তথ্য গোপন করে জ্ঞাত আয়বহির্ভূতভাবে উল্লিখিত পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ কারণে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া জারির আবেদন জানানো হলে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, মো. রেজাউল করিম বাবলু শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর আকন্দপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিন গোলবাগীর ছেলে।

এছাড়াও পৃথক আরেক মামলায় তথ্য গোপন করে জ্ঞাত আয়বহির্ভূতভাবে ৭৭ লাখ ৩৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি বাবলুর বিরুদ্ধে দাখিল করা দুদকের অভিযোগপত্র গ্রহণ করে স্পেশাল জজ আদালত তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া জারির আদেশ দিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি