
ঝালকাঠিতে পূর্বের একটি মামলা প্রত্যাহারে বাধ্য করতে রিকশা শ্রমিক সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতির ক্যাশিয়ার রাজিব মৃধা(২৭) কে প্রকাশ্যে হত্যাচেষ্টা, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে বাধ্য করার অভিযোগে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী মোঃ রাজীব মৃধা (২৭) ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মোঃ আকবর মৃধার ছেলে এবং ঝালকাঠি স্টেশন রোডের একটি রিকশা শ্রমিক সমবায় সঞ্চয় ও ঋণদান সমিতির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতেন।
এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে ঝালকাঠি পৌরসভার স্টিমার খেয়াঘাট এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে। মামলায় অভিযুক্ত করা হয়েছে মোঃ নুরে আলম (৪০) ও ঝালকাঠি পৌরসভার সাবেক ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ রাজ্জাক খলিফা ওরফে আরিফ (৩৮)কে। তারা দু’জনই স্টেশন রোড এলাকার বাসিন্দা।
বাদীর অভিযোগ, তিনি ২০২৪ সালের ৯ অক্টোবর ২নং আসামীর বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করেন, যা বর্তমানে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে বিচারাধীন। ওই মামলায় জামিনে মুক্ত হয়ে আসামীরা দীর্ঘদিন ধরে মামলা প্রত্যাহারের জন্য তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন।
ঘটনার দিন পূর্বপরিকল্পিতভাবে আসামীরা বাদীর পথরোধ করে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। বাদী মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে ১নং আসামী নুরে আলম তাকে হত্যার উদ্দেশ্যে বুকে লাথি মেরে মাটিতে ফেলে দেন এবং গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন। পরে ২নং আসামী আরিফসহ অন্যরা একযোগে কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করে।
এজাহারে আরও বলা হয়, হামলার একপর্যায়ে অভিযুক্ত নুরে আলম বাদীর পকেটে থাকা ২৭ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে এক ব্যক্তির মাধ্যমে মোবাইল ফোনটি উদ্ধার করা হলেও টাকা আর ফেরত পাওয়া যায়নি। বাদীর আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত রাজীব মৃধাকে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
এ ঘটনায় ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে দণ্ডবিধির ৩২৩, ৩০৭, ৩৭৯ ও ৫০৬ (পার্ট–২) ধারায় সি.আর মামলা নং–৮৭৩/২০২৫ দায়ের করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :