ব্রাহ্মণপাড়ায় ১৪৭ পিস ইয়াবাসহ মা-ছেলেসহ তিনজন গ্রেপ্তার | Daily AjKaler Kontho

ব্রাহ্মণপাড়ায় ১৪৭ পিস ইয়াবাসহ মা-ছেলেসহ তিনজন গ্রেপ্তার


শাহ সাহিদ উদ্দিন ,কুমিল্লা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
ব্রাহ্মণপাড়ায় ১৪৭ পিস ইয়াবাসহ মা-ছেলেসহ তিনজন গ্রেপ্তার

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মা-ছেলেসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিমের নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা এলাকায় শিবু পালের দোতলা বাড়িতে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ডান কোচ থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িটির দোতলায় আরও অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

তাদের দেহ তল্লাশি করে একজনের কাছ থেকে ২২ পিস এবং অপরজনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মোট ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— মৃত বিলাশ চন্দ্র পালের ছেলে শিবু পাল (৪০), মো. সিরাজুল ইসলামের ছেলে মো. মিল্লাত (২০) এবং সিরাজুল ইসলামের স্ত্রী সাজিয়া বেগম (৪৫)।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ / আর এস/ এস