দুমকিতে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩৫ জন আহত | Daily AjKaler Kontho

দুমকিতে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩৫ জন আহত


মোঃ রাজিবুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
দুমকিতে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩৫ জন আহত

পটুয়াখালীর দুমকি উপজেলায় আজ সকাল থেকে বেওয়ারিশ একটি পাগলা কুকুরের কামড়ে এ পর্যন্ত অন্তত ৩০ জন আহত হয়েছেন। হঠাৎ এ ঘটনায় উপজেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার(৫ই জানুয়ারী) সকাল ১০টা থেকে কুকুরটি উপজেলার বিভিন্ন এলাকায় দিগ্বিদিক ঘুরে ঘুরে পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষদের ওপর হামলা চালায়। কুকুরটির আকস্মিক ও আক্রমণাত্মক আচরণে অনেকেই পালাতে না পেরে কামড়ের শিকার হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যান।

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ এনামুল হক জানান,হঠাৎ করেই সকাল থেকে হাসপাতালে কুকুর কামড়ানো রোগী আসতেছে, রোগীর অনেক ভীড়, আমাদের এখানে ভ্যাক্সিন না থাকায় বেশিরভাগ রোগীকে পটুয়াখালী সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে কুকুরটির হামলার খবরে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। অনেক অভিভাবক শিশুদের ঘর থেকে বের হতে দিচ্ছেন না। স্থানীয়দের দাবি, দ্রুত কুকুরটিকে নিয়ন্ত্রণে আনা না হলে আরও মানুষ আক্রান্ত হতে থাকবে।

এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফরিদা সুলতানা বলেন,ঘটনা জানতে পেরে আমি হাসপাতাল পরিদর্শন করেছি, বেওয়ারিশ কুকুরটিকে আ’টক করতে ইতিমধ্যেই উপজেলা প্রশাসন থেকে টিম নামানো হয়েছে, আমাদের যথাসম্ভব সর্বোচ্চ কাজ করছি।

স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে কুকুরটিকে শনাক্ত ও নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।এদিকে রোগীরা ভ্যাক্সিন না পেয়ে হতাশা প্রকাশ করছেন।

আজকালের কন্ঠ / আর এস/আর