
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে আগৈলঝাড়া বিএসপি একাডেমির মাঠে আয়োজিত এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, দলীয় নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান। সভাপতিত্ব করেন সাবেক দুইবারের সংসদ সদস্য এবং গৌরনদী-আগৈলঝাড়া আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন।
দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার রাজনৈতিক অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বক্তারা মরহুমার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশের চলমান সংকট থেকে উত্তরণ, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের শান্তি ও কল্যাণ কামনা করেন।
এ সময় আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণ মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার আদর্শ অনুসরণ করে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :