রাষ্ট্রীয় শোক পালনে ফুলপুরে থার্টি ফার্স্ট নাইট ও নববর্ষ উদযাপন নিরুৎসাহিত | Daily AjKaler Kontho

রাষ্ট্রীয় শোক পালনে ফুলপুরে থার্টি ফার্স্ট নাইট ও নববর্ষ উদযাপন নিরুৎসাহিত


জামাল খান ময়মনসিংহ জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৫, ৩:২৫ অপরাহ্ন
রাষ্ট্রীয় শোক পালনে ফুলপুরে থার্টি ফার্স্ট নাইট ও নববর্ষ উদযাপন নিরুৎসাহিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সরকার ঘোষিত রাষ্ট্রীয় তিন দিনের শোক (৩০ ও ৩১ ডিসেম্বর ২০২৫ এবং ০১ জানুয়ারি ২০২৬) যথাযথভাবে পালনের জন্য দেশব্যাপী নির্দেশনা জারি করা হয়েছে।

এই প্রেক্ষিতে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট উদযাপন এবং আসন্ন ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে আতসবাজি, পটকা ফুটানো, নাচ-গানসহ সকল প্রকার আনন্দ আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে।

রাষ্ট্রীয় শোক দিবসের মর্যাদা রক্ষা ও জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহর, বন্দর, পাড়া-মহল্লাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করা হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে সাধারণ জনগণকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়।

উপজেলা প্রশাসন জানায়, রাষ্ট্রীয় শোকের সময়ে সকল প্রকার উচ্ছৃঙ্খল ও আনন্দ আয়োজন পরিহার করে শান্তিপূর্ণ ও শালীন পরিবেশ বজায় রাখাই সবার দায়িত্ব। এ বিষয়ে সকল শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা এক বিবৃতিতে বলেন, “রাষ্ট্রীয় শোকের এই সময়ে সরকার ঘোষিত সকল নির্দেশনা যথাযথভাবে পালন করা নাগরিক দায়িত্ব। সবাইকে শান্তিপূর্ণভাবে অবস্থান করে শোক দিবসের মর্যাদা রক্ষার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশনা অমান্য করে কোনো ধরনের আতশবাজি, পটকা ফুটানো বা সাংস্কৃতিক আয়োজনের চেষ্টা করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর এস/ জে