
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জননেতা আবু ওয়াহাব আকন্দ। এ মনোনয়ন জমাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) সকালে আবু ওয়াহাব আকন্দ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কার্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আবু ওয়াহাব আকন্দের প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। পুরো এলাকায় নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে।
মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আবু ওয়াহাব আকন্দ বলেন,“এই নির্বাচন শুধুমাত্র একটি নির্বাচন নয়, এটি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। দীর্ঘদিন ধরে মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই আমি ময়মনসিংহ সদর-৪ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, ময়মনসিংহ সদর-৪ আসনের সাধারণ মানুষ ধানের শীষ প্রতীকের পক্ষেই তাদের রায় দেবেন। জনগণের ভালোবাসা ও সক্রিয় সমর্থন নিয়েই ইনশাআল্লাহ বিজয় অর্জন সম্ভব হবে।”
ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই হবে তার প্রধান অগ্রাধিকার। বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক অবকাঠামো গড়ে তোলা, যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবার প্রসারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে ময়মনসিংহ সদর-৪ আসনের মানুষ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। তারা বলেন, ধানের শীষ প্রতীক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। ইতোমধ্যেই সাধারণ মানুষের মধ্যে আবু ওয়াহাব আকন্দকে ঘিরে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
নেতাকর্মীরা আরও আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে এবং বিপুল ভোটে আবু ওয়াহাব আকন্দ বিজয়ী হবেন।
আজকালের কন্ঠ/আর এস/জামাল
আপনার মতামত লিখুন :