তারেক রহমানকে স্বাগত জানিয়ে কি বললেন সোহেল তাজ | Daily AjKaler Kontho

তারেক রহমানকে স্বাগত জানিয়ে কি বললেন সোহেল তাজ


আজকালের কন্ঠ ডেস্ক: প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৫, ৪:০২ অপরাহ্ন
তারেক রহমানকে স্বাগত জানিয়ে কি বললেন সোহেল তাজ

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশেষে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাকে স্বাগত জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

গত বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে সোহেল তাজ তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি জাতীয় দৈনিকের ফটোকার্ড শেয়ার করে লেখেন, আবার স্বাগতম! বাংলাদেশ আপনার কাছ থেকে ব্যতিক্রমী নেতৃত্ব প্রত্যাশা করে।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা সারজিস আলমও তারেক রহমানকে স্বাগত জানান। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান-পতনের মধ্য দিয়ে রাজনৈতিক ধারাবাহিকতার এক গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ দেশে আসছেন। ২৪-এর অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে আমরা তাকে স্বাগত জানাই।”

দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে সারজিস আলম আরও বলেন, পূর্ব অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদবিরোধী আন্দোলন এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব, এটাই প্রত্যাশা।

বুধবার দুপুরে ঢাকায় পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি ৩০০ ফিট এলাকায় যান। পরে সেখান থেকে তিনি তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।

আজকালের কন্ঠ/ আর এস