বড়দিন-২০২৫ উপলক্ষ্যে শেরপুরে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব “বড়দিন-২০২৫” সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপন নিশ্চিত করতে শেরপুরে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুরের সম্মানিত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
সভা শুরুর আগে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সবাইকে আসন্ন বড়দিনের আন্তরিক শুভেচ্ছা জানান। এরপর বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিরা বড়দিন-২০২৫ ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে তাদের মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন।
সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, বড়দিন উপলক্ষ্যে শেরপুর জেলায় নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জেলা পুলিশ কর্তৃক গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। একই সঙ্গে গির্জাগুলোতে স্বেচ্ছাসেবক নিয়োগ, উৎসব উদযাপন কমিটির করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে মেনে চলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় সভায় উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, ডিআইও-১ খন্দকার মোঃ শহীদুল হক, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, বিভিন্ন গির্জার প্রতিনিধিসহ বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :