
ময়মনসিংহের ভালুকায় হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম দিপু চন্দ্র দাস (২৮)। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে। দিপু ওই কারখানার লিংকিং সেকশনে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও কারখানা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানায় কাজ করার সময় সহকর্মীর সঙ্গে আলাপকালে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি মুহূর্তেই কারখানাসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে শ্রমিক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
একপর্যায়ে উত্তেজিত জনতা কারখানার গেইট ভাঙার চেষ্টা করলে গেইটে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা অভিযুক্ত দিপু চন্দ্র দাসকে বাইরে বের করে দেন। এরপর বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর উত্তেজিত জনতা নিহতের মরদেহ নিয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে। একপর্যায়ে মরদেহ ঝুলিয়ে রেখে বিক্ষোভ ও পরে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহের আগুন নিভিয়ে তা হেফাজতে নেয়। পরে মরদেহ ভালুকা মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লিমিটেডের কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :