
পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার (২৪) নামে এক নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত আলীশান নামের আবাসিক হোটেলের ১০৫ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হোটেল কর্তৃপক্ষের রেজিস্টার সূত্রে জানা গেছে, নিহত ফাহিমা আক্তার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন নামে এক যুবকের সঙ্গে ফাহিমা আক্তার ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটায় আসেন। তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে আবাসিক হোটেল আলীশানের ১০৫ নম্বর কক্ষ ভাড়া নেন।
বুধবার বিকেল থেকে দীর্ঘ সময় ওই কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজার তালা ভেঙে কক্ষে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় গলায় ফাঁস লাগানো ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, লাশ উদ্ধারের সময় কক্ষের দরজার ভেতরের ছিটকানি লাগানো ছিল। ঘটনার পর থেকেই স্বামী পরিচয় দেওয়া আরিফ হোসেন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত খান বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশি তদন্ত চলমান রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :