
আগৈলঝাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বাকাল ইউনিয়ন যুবলীগের সভাপতি নয়ন বৈষ্ণব ওরফে ভোলা নাথকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। তিনি বাকাল ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খাঁন। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে আগৈলঝাড়া থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে বাকাল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকা থেকে নয়ন বৈষ্ণব ভোলাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নয়ন বৈষ্ণব ভোলা বাকাল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যতীশ চন্দ্র বৈষ্ণবের ছেলে। তার বিরুদ্ধে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে একটি মামলা রয়েছে।
ওসি মোহাম্মদ মাসুদ খাঁন আরও জানান, উক্ত ঘটনায় ২০২৫ সালের ১২ জানুয়ারি আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বুধবার দুপুরে নয়ন বৈষ্ণব ভোলাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় নানা আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ / এম / আশরাফ
আপনার মতামত লিখুন :