ভয়ংকর কামালের প্রতারণায় নিঃস্ব বিদেশ ফেরত নাজমুল | Daily AjKaler Kontho

ভয়ংকর কামালের প্রতারণায় নিঃস্ব বিদেশ ফেরত নাজমুল


ময়মনসিংহ জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ৮:২৯ পূর্বাহ্ন
ভয়ংকর কামালের প্রতারণায় নিঃস্ব বিদেশ ফেরত নাজমুল

বিদেশে চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে শারীরিক নির্যাতন, দেশে ফিরতে বাধ্য ভুক্তভোগী বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতিনিয়ত সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র। বিশেষ করে দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন হাজার হাজার বিদেশগামী মানুষ। অনেকেই স্বজনদের কাছ থেকে ঋণ নিয়ে কিংবা জমিজমা বিক্রি করে বিদেশে পাড়ি জমালেও সেখানে গিয়ে পড়ছেন চরম অনিশ্চয়তা ও নির্যাতনের মুখে।

এমনই এক ভয়াবহ প্রতারণার শিকার হয়েছেন কাতার ফেরত নাজমুল হোসেন। তিনি জানান, কামাল নামের এক দালাল তাকে কাতারে অ্যালুমিনিয়াম ও থাইগ্লাসের দোকানে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা নেন। কিন্তু কাতারে নেওয়ার পর দিনের পর দিন কোনো চাকরি না দিয়ে তাকে বেকার অবস্থায় রাখা হয়।

নাজমুল হোসেন অভিযোগ করে বলেন, চাকরির বিষয়ে জানতে চাইলে দালাল কামাল বিভিন্ন অজুহাত ও ছলচাতুরির আশ্রয় নিত। এভাবে মাসের পর মাস পার হলেও চাকরির কোনো ব্যবস্থা করা হয়নি। একপর্যায়ে চাকরির কথা বললেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

তিনি আরও জানান, চাকরি না দেওয়ার পাশাপাশি থাকা ও খাবারের ব্যবস্থাও বন্ধ করে দেওয়া হয়। দিনের পর দিন একটি কক্ষে তাকে আটকে রাখা হয়। অসহ্য কষ্টে রুমের ভেতর থেকে চিৎকার করলে কামাল এসে মারধরসহ শারীরিক নির্যাতন চালাত।

নাজমুল বলেন, “আমার মতো আরও অনেক বাংলাদেশি প্রবাসী কামালের নির্যাতনের শিকার হয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে অনেকেই বাধ্য হয়ে দেশে ফিরে গেছে। আমিও শেষ পর্যন্ত প্রাণের ভয়ে দেশে ফিরে আসতে বাধ্য হই।”

ভুক্তভোগীরা দ্রুত প্রতারক কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে বিদেশে যেতে ইচ্ছুকদের দালালচক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

 

আজকালের কন্ঠ /এম / জামাল