ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশে হট্টোগোল | Daily AjKaler Kontho

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশে হট্টোগোল


ঝালকাঠি জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৫, ১:২৩ অপরাহ্ন
ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশে হট্টোগোল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য সংসদ সদস্য (স্বতন্ত্র প্রার্থী) শরীফ ওসমান বিন হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার সকালে শহরে বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। মিছিলের শুরুতে সামনে থাকা নিয়ে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল দেখা দেয়। ঝালকাঠি – ২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সামনেই এ হট্টগোল হয়।

শনিবার সকালে ঝালকাঠি শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি কিছুদূর এগিয়ে সাধনার মোড়ে পৌছলে মিছিলের সামনে থাকা নিয়ে জেলা যুবদল আহ্বায়ক শামীম তালুকদার ও জেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক আজাদুর রহমানের খানের সাথে বাকবিতন্ডা হয়। এনিয়ে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল দেখা দেয়। পরিস্থিতি শান্ত হলে পুনরায় মিছিলটি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুশফিকুর রহমান বাবু এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, ওসমান হাদীর ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত এবং এটি জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা। দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান তারা ।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আজকালের কন্ঠ /এম / সুইট