শেরপুরে তিন ইটভাটায় পরিবেশ আইনে বড় জরিমানা
মো: রিয়াজ, শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ন
শেরপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে ৩টি অবৈধ ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কাঁচা ইট ধ্বংস, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ইটভাটার সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাগত সরকার বরণ এবং কাজী রিজওয়ানুল হক। প্রসিকিউশন দেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সদর উপজেলার মনকান্দা এলাকার মেসার্স আশিকা ব্রিকস, মির্জাপুর এলাকার মেসার্স এইচ. এ. বি. জিগজ্যাগ ব্রিকস ম্যানুফ্যাকচারার্স এবং ঝিনাইগাতী উপজেলার চেঙ্গুরিয়া এলাকার মেসার্স বিপি ব্রিকসকে প্রতিটি ভাটায় ৩ লাখ করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম, সেনাবাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, “পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :