
লক্ষ্মীপুর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, “জনগণের প্রতি আমাদের রাজনৈতিক কমিটমেন্ট রয়েছে। দায়বদ্ধতা থেকে বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। যেটা কমিটমেন্ট করে, সেটা বাস্তবায়নের চেষ্টা করে। কারণ জনগণই আমাদের ক্ষমতার মূল উৎস।”
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমি এমপি হওয়ার পর নির্বাচন কমিশন ও প্রশাসনের সহযোগিতায় বৃহৎ এই ইউনিয়নকে ভাগ করে নতুন ইউনিয়ন করেছি। আপনারা একটি নতুন ইউনিয়ন পেয়েছেন, যার পর থেকেই এলাকায় মসজিদ-মাদরাসা, রাস্তা-ঘাটসহ উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। আগামীতে আমি নির্বাচিত হলে কী কী কাজ করবো—তা নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”
৩১ দফা মহাপরিকল্পনার কথা তুলে ধরেন তিনি
আবুল খায়ের ভুঁইয়া আরও বলেন, “বাংলাদেশের জন্য বিএনপি ৩১ দফার মহাপরিকল্পনা প্রণয়ন করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতেই এই দফাগুলো তৈরি করেছেন। জামায়াত ইসলাম, চরমোনাইসহ মোট ৬২টি রাজনৈতিক দল এই দফায় মতামত দিয়েছে। যা ভালো—আমরা সেটাই সংযুক্ত করেছি, যাতে ভবিষ্যতে কর্মসূচি বাস্তবায়নে কোনো প্রতিবন্ধকতা না থাকে।”
পরিবারভিত্তিক তিন ধরনের কার্ড দেওয়ার ঘোষণা
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড দেওয়া হবে, যাতে এসব কার্ডের মাধ্যমে তারা সরকারের কাছ থেকে সরাসরি সুবিধা পায়।”
সভায় আরও উপস্থিত ছিলেন
ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাব্বি এলাহি জহির, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট স্বপন, সাংগঠনিক সম্পাদক ভুট্টু চৌধুরী, শ্রমিকদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মিসেস নয়ন মেম্বার, সহসভাপতি হাসিনা শওকত, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, সাংগঠনিক সম্পাদক হাকিম আলী সদ্দার, ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক দিদার হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :