বাউফলে মনোনয়ন বাতিলের দাবিতে কাপনের কাপড় পরে বিক্ষোভ | Daily AjKaler Kontho

বাউফলে মনোনয়ন বাতিলের দাবিতে কাপনের কাপড় পরে বিক্ষোভ


বাউফল প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন
বাউফলে মনোনয়ন বাতিলের দাবিতে কাপনের কাপড় পরে বিক্ষোভ

পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি প্রার্থী শহিদুল আলম তালুকদারের মনোনয়ন বাতিলের দাবিতে কাপনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার ও মো. মুনির হোসেনের সমর্থকরা। দুই গ্রুপ একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করে।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে শহরের হাচন দালাল মার্কেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল্লাহ জব্বার মৃধা।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে “ফারুক–মুনির দুই ভাই, রাজপথ ছাড়ি নাই”, “শহিদুল আলমের মনোনয়ন মানি না, মানবো না”, “বিএনপির মনোনয়ন বাতিল করতে হবে” ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

পরে উপজেলা পরিষদের সামনের সড়ক অবরোধ করে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির আব্দুল জব্বার মৃধা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী পলাশসহ আরও অনেকে।

বক্তারা শহিদুল আলম তালুকদারের মনোনয়ন পরিবর্তনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ – সমাবেশ কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন।

আজকালের কন্ঠ/আর বি