ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসে সেবাপ্রত্যাশীদের জন্য বিশ্রামাগার ও গণশৌচাগারের উদ্বোধন | Daily AjKaler Kontho

ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসে সেবাপ্রত্যাশীদের জন্য বিশ্রামাগার ও গণশৌচাগারের উদ্বোধন


ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসে সেবাপ্রত্যাশীদের জন্য বিশ্রামাগার ও গণশৌচাগারের উদ্বোধন

ময়মনসিংহের সদর সাব-রেজিস্ট্রি অফিসে আগত সেবা গ্রহীতাদের জন্য আধুনিক মানের বিশ্রামাগার ও গণশৌচাগার নির্মাণ করা হয়েছে সাব-রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসান–এর নিজস্ব উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায়। বুধবার দুপুরে নবনির্মিত এ সুবিধাসমূহের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা। উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনাসভায় তিনি বলেন, “সেবা গ্রহীতাদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং সেবার মান আরও বৃদ্ধি পাবে।”

উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদর সাব-রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসান। অনুষ্ঠানকে সফল করতে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সকল দলিল লিখকগণ আন্তরিকতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করেন।

এ ছাড়া অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার সকল সাব-রেজিস্ট্রার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ জনসেবামূলক সুবিধা আনুষ্ঠানিকভাবে সেবা গ্রহীতাদের জন্য উন্মুক্ত করা হয়।