ময়মনসিংহে ফয়সাল আহমেদ রিগান হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ | Daily AjKaler Kontho

ময়মনসিংহে ফয়সাল আহমেদ রিগান হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ


ময়মনসিংহ জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৫, ২:১৮ অপরাহ্ন
ময়মনসিংহে ফয়সাল আহমেদ রিগান হত্যার বিচার দাবিতে উত্তাল রাজপথ

ময়মনসিংহ শহরের চরপাড়া মোড়ে ফয়সাল আহমেদ রিগান হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন সামাজিক সংগঠন ও নিহতের স্বজনদের অংশগ্রহণে রবিবার সকাল থেকেই চরপাড়া মোড় এলাকাজুড়ে উত্তপ্ত হয়ে ওঠে জনস্রোত।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে হত্যাকারীদের ছবি ও নাম প্রকাশ করে তাদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ সাজা—ফাঁসির দাবি জানাতে থাকেন। বক্তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ফয়সাল আহমেদ রিগানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় না আনলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।

ব্যানারে উল্লেখিত তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার রাত ৮টার দিকে ময়মনসিংহ শহরের চরপাড়া কফিখেত এলাকায় ফয়সাল আহমেদ রিগানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকে বেশ কিছু আসামি পলাতক রয়েছে বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে যেসব ব্যক্তিকে ঘটনার সাথে জড়িত বলে দাবি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন—আকিব, নাজমুল, জিহাদ, হৃদয়, সেলিম, অন্তর, রাহাত, তারেক, রিজভি, দিগন্ত, ইমরান ও সৌরভ।

মানববন্ধনে বক্তারা বলেন, “এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নৃশংস। আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ে সব আসামিকে গ্রেফতার করে ফাঁসির ব্যবস্থা করুক। কোনোভাবেই খুনিদের ছাড় দেওয়া যাবে না।”

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং প্রশাসনের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর এস/জে