তরুণ নেতৃত্বেই আধুনিক বাউফল গড়বে: ড. শফিকুল ইসলাম মাসুদ | Daily AjKaler Kontho

তরুণ নেতৃত্বেই আধুনিক বাউফল গড়বে: ড. শফিকুল ইসলাম মাসুদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন
তরুণ নেতৃত্বেই আধুনিক বাউফল গড়বে: ড. শফিকুল ইসলাম মাসুদ

জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “বাউফল আর পুরোনো নেতৃত্বের রাজনীতিতে ফিরতে চায় না। পরিবর্তনের বাংলাদেশ গড়বে তরুণরাই। আধুনিক বাউফলের নেতৃত্বও তাদের হাতেই দিতে হবে।

বৃহস্পতিবার পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুরের তাঁতের কাঠি ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

চাঁদাবাজি-দখলদারিত্বের রাজনীতি আর নয়

ড. মাসুদ বলেন, “জমিন যার, আইন চলবে তার—এই স্লোগান সামনে রেখে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দেবে। বাউফলে চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি আর মেনে নেওয়া হবে না। সাত শহীদের রক্তে ভেজা এই বাউফল সেবক চায়, মালিক নয়।

তিনি আরও বলেন, সৎ ও দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে রাজনৈতিক সচেতনতা জরুরি। দুর্নীতিমুক্ত প্রতিনিধি নির্বাচন না হলে স্বচ্ছ সমাজ গঠনের স্বপ্ন অপূর্ণই থাকে।

কিছু বুদ্ধিজীবীর সমালোচনা

নির্বাচনকে ঘিরে কিছু বুদ্ধিজীবীর মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন,

“যারা বলে জামায়াত নির্বাচিত হলেও ক্ষমতা দেওয়া যাবে না—তাদের পরিণতি জনগণের রায়েই নির্ধারিত হবে।

নারীর মর্যাদা নিয়ে মন্তব্য

নারীর মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন,

“ইসলাম নারীর সম্মান নিশ্চিত করেছে। কিন্তু যারা বলে জামায়াত ক্ষমতায় গেলে নারী বন্দি থাকবে—তাদের কাছে নারীর স্বাধীনতা হচ্ছে শিয়ালের কাছে মুরগির স্বাধীনতার মতো।

বর্তমান পরিস্থিতির উল্লেখ

দেশের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন,

“আমরা অতীতে ভাষণ আর শোষণের রাজনীতি দেখেছি। এখন চাই পরিবর্তন। কৃষক তার ফসল তুলতে পারছে না, তরমুজের ট্রলার ছিনতাই—এসব ঘটনার পুনরাবৃত্তি আমরা আর চাই না। এখন প্রয়োজন ‘জমি যার, ফসল তার’ বাস্তবায়ন।

উন্নয়ন কর্মকাণ্ডের দাবি

বাউফলের উন্নয়নে নিজের উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, নারীদের সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ, বেকার যুবকদের চাকরি ব্যবস্থা, বগা সেতু নির্মাণ, নদীভাঙনরোধে উদ্যোগ এবং জেলেদের লাইফ জ্যাকেট বিতরণ—এসব কাজ তারা ইতোমধ্যে বাস্তবায়ন করেছেন।

তিনি ঘোষণা দেন,

“আমরা শুধু ভোট দিয়ে বাড়ি ফিরব না; কেন্দ্র পাহারা দিয়ে ভোটারের আমানত জীবন দিয়ে রক্ষা করব।”

কার্যক্রমে উপস্থিত ছিলেন

গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক দাওয়াহ ও আইনবিষয়ক সম্পাদক মুনতাসির মুজাহিদ, ব্যবসায়ী নেতা আতিকুল রহমান নজরুল, সাবেক শিবির সভাপতি ইউনুস চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেদওয়ান উল্লাহ মাস্টারসহ স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকরা।

দিনব্যাপী তিনি নাজিরপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুলতানাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা, তাঁতের কাঠি মাধ্যমিক বিদ্যালয়, বড় ডালিম দাখিল মাদ্রাসা, ছোট ডালিমিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ধান্দি কামিল মাদ্রাসা মাঠে পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন।