জালিয়াতি–হত্যা মামলায় শেরপুরের শীর্ষ জাপা নেতা মনি গ্রেপ্তার | Daily AjKaler Kontho

জালিয়াতি–হত্যা মামলায় শেরপুরের শীর্ষ জাপা নেতা মনি গ্রেপ্তার


শেরপুর প্রতিনিধি প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
জালিয়াতি–হত্যা মামলায় শেরপুরের শীর্ষ জাপা নেতা মনি গ্রেপ্তার

জুলাই হত্যা মামলাসহ একাধিক হত্যা, প্রতারণা ও জমি–প্লট জালিয়াতির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ও উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হক মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম, মিরপুর ও ভাটারা থানায় মোট ছয়টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ রাজু।

পুলিশ জানায়, গ্রেপ্তার মনি দীর্ঘদিন ধরে পূর্বাচল ও উত্তরা এলাকায় প্লট জালিয়াতি, দখলবাণিজ্য ও চেক প্রতারণার অভিযোগে বিভিন্ন ভুক্তভোগীর দ্বারা অভিযুক্ত। এসব অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগীরা বিভিন্ন থানায় মামলাও করেছেন। এ ছাড়া সহিংস ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, যা তদন্তাধীন।

রাজনৈতিক পরিচয়ের দিক থেকে মনি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে অংশ নেন। নির্বাচনে তিনি পরাজিত হন এবং তার জামানত বাজেয়াপ্ত হয়।

অভিযোগ রয়েছে, মনি ক্ষমতাসীন বিভিন্ন প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে ব্যবসায়িক ও আর্থিক অনিয়মের মাধ্যমে সুবিধা নিয়েছেন। এসব অভিযোগ এখনও তদন্তাধীন হওয়ায় পুলিশ কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি হয়নি।

গ্রেপ্তার হওয়া মনি শেরপুর সদর উপজেলার তালুকপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের পুত্র। পুলিশ জানিয়েছে, যেসব ব্যক্তি মনির প্রতারণা বা আর্থিক ক্ষতির শিকার হয়েছেন, তারা নিকটবর্তী থানায় যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন।

গ্রেপ্তারের পর প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।