বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দিনাজপুর জেলা বিএনপির দোয়া মাহফিল | Daily AjKaler Kontho

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দিনাজপুর জেলা বিএনপির দোয়া মাহফিল


জেলা প্রতিনিধি দিনাজপুর প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ৬:১৫ অপরাহ্ন
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দিনাজপুর জেলা বিএনপির দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) জোহর নামাজের পর দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

মাহফিলটি পরিচালনা করেন কুয়েতি মসজিদ খতিব ও বিশিষ্ট ইসলামিক বক্তা মওলানা ক্বারী আবু রায়হান রহমানী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে তিনি বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

এ ছাড়া উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ শতাধিক নেতা–কর্মী দোয়া মাহফিলে অংশ নেন। নেতারা বলেন,

“বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতার জন্য সারাদেশের মানুষ দোয়া করছে। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসবেন।”

দোয়া মাহফিল শেষে দলীয় নেতা–কর্মীদের মাঝে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়। পুরো আয়োজনটি ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধাভরে সম্পন্ন।