জাককানইবিতে মিনি বার ফুটবল টুর্নামেন্টে বিজয়ী মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ ও কলা অনুষদ | Daily AjKaler Kontho

জাককানইবিতে মিনি বার ফুটবল টুর্নামেন্টে বিজয়ী মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ ও কলা অনুষদ


জাককানইবি প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
জাককানইবিতে মিনি বার ফুটবল টুর্নামেন্টে বিজয়ী মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ ও কলা অনুষদ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃক এই প্রথম আন্তঃবিভাগীয় (ছাত্র) ও আন্তঃঅনুষদ (ছাত্রী) মিনি বার ফুটবল প্রতিযোগিতা ২০২৫ আয়োজন করা হয়েছে।

৩০ নভেম্বর (রবিবার) দুপুরে প্রতিযোগিতার আন্তঃবিভাগীয় (ছাত্র) ও আন্তঃঅনুষদ (ছাত্রী) উভয় বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। আন্তঃবিভাগীয় (ছাত্র) ফাইনালে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ ট্রাইব্রেকারে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে আন্তঃঅনুষদ (ছাত্রী) ফাইনাল ম্যাচে কলা অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদকে ট্রাইব্রেকারে ১-০ গোলে হারিয়ে শিরোপা অর্জন করে।

খেলা শেষে কলা অনুষদের ক্যাপ্টেন বলেন,খেলাটি খুবই আক্রমণাত্মক ছিল। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। আমাদের দলের সবাই প্রায় ইনজুরড ছিল, তারপরও আমাদের মেয়েরা খুব ভালো খেলেছে, ডাইহার্ড চেষ্টা করেছে। আমরা চ্যাম্পিয়ন হয়েছি এটা অবশ্যই আনন্দের। এই প্রথম বিশ্ববিদ্যালয় নারী ফুটবল খেলা আয়োজন করেছে, এর জন্য আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কৃতজ্ঞতা জানাই।”

মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের অনিক বলেন,”আমি মনে করি এই অর্জনটা সবার। তাদের জন্যই আমরা মাঠে খেলেছি। চ্যাম্পিয়ন হয়ে খুব ভালো লাগছে। দলের প্লেয়ারদের নিয়ে আলাদা করে বলার কিছু নেই সবাই জানে তারা কোন লেভেলের প্লেয়ার। শুরু থেকেই আমার আত্মবিশ্বাস ছিল, আশাবাদী ছিলাম আমার টিম নিয়ে। কারণ আমি জানি তারা কেমন খেলে এবং তাদের সক্ষমতা কী। তাই এই জয়টা আমাদের প্রত্যাশিত ছিল।”

উপাচার্য জাহাঙ্গীর আলম বলেন,”আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মানোন্নয়নের প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমি ডিপিডি সাহেবের সাথে কথা বলেছি তিনি বলেছেন আমাদের বড় মাঠের সংস্কারের কাজ চলছে। তার পাশে বাস্কেটবল এবং ভলিবল খেলার জন্য আলাদা মাঠ নির্মাণের কাজ চলছে, বালুও ইতোমধ্যে ফেলা হয়েছে। সেখানে ছাত্র–ছাত্রীরা অন্যান্য খেলাও ভালোভাবে অনুশীলন করতে পারবে এটা নিঃসন্দেহে ভালো খবর।

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত প্রয়োজন; অন্যথায় আমি বারবারই বলি মেন্টাল ডেভেলপমেন্ট কখনোই পূর্ণ হবে না ফিজিক্যাল ডেভেলপমেন্ট ছাড়া।আমি এই প্রতিযোগিতায় আন্তঃবিভাগ (ছাত্র) মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগকে অভিনন্দন জানাই। একই সাথে সিএসই বিভাগের কৃতি খেলোয়াড়দের অভিনন্দন জানাই তারা নিঃসন্দেহে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিয়েছেন। এবং আন্তঃঅনুষদ (ছাত্রী) কলা অনুষদের ছাত্রীরাও কৃতিত্বের স্বাদ নিয়েছে তাদের অভিনন্দন। পাশাপাশি সামাজিক বিজ্ঞান অনুষদের অংশগ্রহণকারী ছাত্রীদেরও অভিনন্দন; ভবিষ্যতে তারাও নিশ্চয়ই আরও ভালো করবে।”

আজকালের কন্ঠ/আর এস/এস