ময়মনসিংহ জেলা পুলিশ অফিস ও পুলিশ লাইন্স পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান | Daily AjKaler Kontho

ময়মনসিংহ জেলা পুলিশ অফিস ও পুলিশ লাইন্স পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান


জামাল খান ময়মনসিংহ জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
ময়মনসিংহ জেলা পুলিশ অফিস ও পুলিশ লাইন্স পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান

ময়মনসিংহে দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান তাঁর আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে জেলা পুলিশ অফিস ও পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ পরিদর্শন কার্যক্রম শুরু করেন।

সকাল সাড়ে ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। নতুন পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি পুলিশ অফিসের বিভিন্ন শাখা ঘুরে দেখেন—জিডি সেল, ক্রাইম শাখা, অপারেশন কন্ট্রোল রুম, ট্রাফিক ডেস্কসহ গুরুত্বপূর্ণ দপ্তরসমূহের সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় তিনি কর্মরত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং জনগণের নিরাপত্তা, সেবা নিশ্চিতকরণ ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, “জনগণের আস্থা অর্জনই আমাদের মূল শক্তি। আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার বিকল্প নেই।” তিনি অফিসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সেবা প্রদান কার্যক্রম ও তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও যুগোপযোগী করার নির্দেশনা দেন।

পুলিশ অফিস পরিদর্শন শেষে সকাল পৌনে ১১টায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পুলিশ লাইন্সে যান। সেখানে অস্ত্রাগার প্রাঙ্গণে তাঁকে দ্বিতীয়বারের মতো গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে তিনি পুলিশ লাইন্সের ড্রিলশেড, ব্যারাক, মেস, আর্মড পুলিশ প্লাটুন, ক্যান্টিন, ট্রেনিং গ্রাউন্ড ও বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি শৃঙ্খলা, প্রশিক্ষণ, ফোর্সের কল্যাণ এবং কর্মপরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “ফোর্সের কল্যাণ নিশ্চিত না হলে উন্নত সেবা দেওয়া সম্ভব নয়। প্রত্যেক সদস্যই পুলিশের সম্পদ—তাদের পেশাগত দক্ষতা ও মনোবল বজায় রাখাই আমাদের দায়িত্ব।”

পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিট প্রধান এবং নানা পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। নতুন পুলিশ সুপারের এ পরিদর্শনকে কেন্দ্র করে পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সবাই তাঁর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

সংশ্লিষ্টরা আশা করছেন, নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে, পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমেও আসবে নতুন গতি।

আজকালের কন্ঠ/আর এস/জে