কুয়াকাটাসহ উপকূলীয় এলাকায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

কুয়াকাটাসহ উপকূলীয় এলাকায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
কুয়াকাটাসহ উপকূলীয় এলাকায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও বরকতময় জীবন কামনা করে কুয়াকাটাসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বাদ আছর কুয়াকাটা, মহিপুর ও আলীপুরে বিএনপি এবং এর সহযোগী অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ উপলক্ষে মহিপুর থানা বিএনপি, থানা মহিলা দল, আলীপুর ইউনিয়ন বিএনপি, কুয়াকাটা পৌর বিএনপি এবং জামায়াতে ইসলামী পৃথকভাবে দোয়া মাহফিলের ব্যবস্থা করে। স্থানীয় মসজিদে অনুষ্ঠিত এ সব দোয়া মাহফিলে নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া করার আহ্বান জানান।

দোয়া মাহফিলে দেশের শান্তি, উন্নতি ও সার্বিক কল্যাণ কামনাও করা হয়। উপস্থিতরা সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেন এবং তার জন্য আল্লাহর কাছে বিশেষ মুনাজাত করেন।

অপরদিকে একই দিন আসর নামাজ বাদ কুয়াকাটা পৌর জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এতে কুয়াকাটা পৌর ও মহিপুর থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।