শ্রীবরদী দিয়ারচড় মোড়ে কলার হাটে কোটি টাকার বাণিজ্য | Daily AjKaler Kontho

শ্রীবরদী দিয়ারচড় মোড়ে কলার হাটে কোটি টাকার বাণিজ্য


শেরপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ৮:৫৩ অপরাহ্ন
শ্রীবরদী দিয়ারচড় মোড়ে কলার হাটে কোটি টাকার বাণিজ্য

শেরপুরের শ্রীবরদী উপজেলার শ্রীবরদী সদর ইউনিয়নের দিয়ারচড় চৌকিদার বাড়ি মোড়ে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বসছে জমজমাট কলার হাট। স্থানীয় কৃষক, পাইকার ও খুচরা ব্যবসায়ীদের উপস্থিতিতে হাটটি এখন এ অঞ্চলের অন্যতম ব্যস্ততম কলার বাজারে পরিণত হয়েছে।

বাজার সভাপতি ইদ্রিস আলী জানান, প্রতিদিন শ্রীবরদী উপজেলার বিভিন্ন গ্রামসহ আশপাশের অঞ্চল থেকে চাষিরা কলার চালান নিয়ে আসেন। কৃষকদের সুবিধা ও নিরাপত্তার কথা বিবেচনা করে হাটটি স্বচ্ছতা ও শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত হচ্ছে, যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে লেনদেন করতে পারেন।

হাটে আসা কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে কলার ফলন বেশ ভালো হয়েছে। উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় এবং বাজারদর সন্তোষজনক থাকায় কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন। এতে তাদের পরিবারের অর্থনৈতিক স্থিতিশীলতা আগের তুলনায় আরও শক্তিশালী হচ্ছে।

পাইকারি ব্যবসায়ীরাও জানান, প্রতিদিন হাটে প্রচুর পরিমাণে তাজা কলা সরবরাহ হয়। ফলে বড় চালান সংগ্রহ করতে কোনো অসুবিধা হয় না এবং সহজেই বিভিন্ন বাজারে তা পরিবহন ও বিতরণ করা যায়।

স্থানীয়দের মতে, প্রতিদিনের এই জমজমাট কলার হাট শ্রীবরদী অঞ্চলের কৃষি অর্থনীতিকে আরও গতিশীল করে তুলছে। শুধু ব্যবসায়িক কার্যক্রমই নয়, কলা পরিবহন, লোডিং-আনলোডিং ও হাট ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বহু শ্রমিকের কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে।

বাজার সভাপতি ইদ্রিস আলী আরও বলেন, “এই কলার হাট এখন শ্রীবরদী সদর ইউনিয়নের কৃষক ও ব্যবসায়ীদের নির্ভরযোগ্য বাজারে পরিণত হয়েছে। স্থানীয় অর্থনীতিকে চাঙা রাখতে হাটটির ভূমিকা দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান আকন্দ জানান, “সদর ইউনিয়নের কলাকান্দা গ্রাম এ অঞ্চলের অন্যতম বৃহৎ কলা উৎপাদন এলাকা। এখানে প্রায় ৭০০ হেক্টর জমিতে কলা চাষ হচ্ছে। আগে বছরে এই এলাকায় প্রায় ১ কোটি টাকার কলা বেচাকেনা হতো। বর্তমানে প্রতিদিনই ৫০ থেকে ৮০ লাখ টাকার কলা বিক্রি হচ্ছে। সঠিক পরিচর্যা, আধুনিক কৃষি পদ্ধতি ও অনুকূল আবহাওয়ার কারণে এ অঞ্চলে কলার উৎপাদন ধারাবাহিকভাবে বাড়ছে।