
দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ও চলমান চিকিৎসার প্রেক্ষাপটে তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও মুরাদনগরবাসীর অভিভাবক আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আশা ও আস্থার প্রতীক। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, বরং দলমত-নির্বিশেষে দেশের কোটি মানুষের আস্থার নাম। তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
কায়কোবাদ আরও বলেন, “দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছেন। অত্যাধুনিক চিকিৎসা সত্ত্বেও চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করছেন। এ মুহূর্তে দেশবাসীর দোয়া ও আল্লাহর রহমতই পারে দেশনেত্রীকে সুস্থতা উপহার দিতে।”
তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সবার আগে মানবিক দৃষ্টিভঙ্গি—দেশনেত্রীর সুস্থতাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা। আমরা সবাই যেখানেই আছি, যার যার অবস্থান থেকে তাঁর সুস্থতার জন্য দোয়া করুন।”
কায়কোবাদ বলেন, দেশনেত্রীর দীর্ঘ রাজনৈতিক জীবনে জাতির জন্য তাঁর অবদান অপরিসীম। তাঁর নেতৃত্বে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী হয়েছে। তাই তাঁর সুস্থতা ফিরে পাওয়া শুধু বিএনপির নয়, দেশের গণতান্ত্রিক চেতনা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও অত্যন্ত জরুরি।
বিবৃতিতে তিনি দেশবাসীর কাছে বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করার অনুরোধ জানান।
আপনার মতামত লিখুন :