চাচাতো দাদির জমি নিয়ে বিরোধে কৃষকদল নেতার ওপর প্রতিপক্ষের হামলা | Daily AjKaler Kontho

চাচাতো দাদির জমি নিয়ে বিরোধে কৃষকদল নেতার ওপর প্রতিপক্ষের হামলা


সাগর হাওলাদার, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৫, ৭:২৫ অপরাহ্ন
চাচাতো দাদির জমি নিয়ে বিরোধে কৃষকদল নেতার ওপর প্রতিপক্ষের হামলা

বরিশালের উজিরপুরে চাচাতো দাদির জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে মো. মিজান মোল্লার ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ওটরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাদল মোল্লার চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, সুমন হাওলাদার (৩৫), সোহাগ হাওলাদার (৪২) ও শাওন হাওলাদারের নেতৃত্বে কয়েকজন মিজান মোল্লার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা মিজানের ব্যবহৃত একটি OPPO মোবাইল ফোন এবং নগদ ২০ হাজার টাকা লুট করে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, সকালে চা খেতে আসার সময় মিজানকে রাস্তার ওপর ফেলে মারধর করা হয়। পুরোনো জমি-সংক্রান্ত বিরোধের জেরেই এই হামলা ঘটেছে বলে তারা দাবি করেন। আহত মিজানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও অভিযোগে উল্লেখ আছে।

এলাকাবাসী চিৎকার শুনে এগিয়ে এসে আহত মিজানকে উদ্ধার করেন এবং উজিরপুর হাসপাতালে পাঠান।

স্থানীয় বাসিন্দা বাদল মোল্লা বলেন,মিজানের চাচতো দাদির জমিকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ অনেক দিন ধরেই চলছে। আজকের ঘটনা আরও বড় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে পারত।”

আরেকজন মহসিন মোল্লা বলেন,আহত মিজানসহ তার চাচতো দাদির পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় আছে। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন।”

হামলার পর আহত মিজানের ভাই আনিছুর রহমান উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ সালাম বলেন,

“লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এ বিষয়ে প্রতিপক্ষ সুমন হাওলাদার – সোহাগ হাওলাদার কে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনে পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পুলিশের উপস্থিতিতে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে স্থানীয়রা জানিয়েছেন।