বাউফলে ‘জুলাই শহীদ স্মৃতি’ প্রীতি ফুটবল ম্যাচে দর্শকের ঢল | Daily AjKaler Kontho

বাউফলে ‘জুলাই শহীদ স্মৃতি’ প্রীতি ফুটবল ম্যাচে দর্শকের ঢল


মোঃ আলী আশরাফ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন
বাউফলে ‘জুলাই শহীদ স্মৃতি’ প্রীতি ফুটবল ম্যাচে দর্শকের ঢল

পটুয়াখালীর বাউফলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলার ঐতিহ্যবাহী পাবলিক মাঠে আয়োজিত এ ম্যাচ ঘিরে জনসমাগমে মুখর হয়ে ওঠে পুরো মাঠ ও আশপাশের এলাকা।

প্রীতি ম্যাচে মুখোমুখি হয় বাউফল উপজেলা একাদশ ও পৌরসভা একাদশ। খেলাটি ১–০ গোলে জিতে নেয় উপজেলা একাদশ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাউফল ফাউন্ডেশন ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। প্রীতি ম্যাচের উদ্বোধন করেন সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস এস এম ফরহাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউফল ফাউন্ডেশনের সদস্যসচিব এডভোকেট আবুল কাসেম।

প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ বলেন, “আমরা বাউফলকে স্থানীয় সীমায় আটকে রাখতে চাই না; এখানকার ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনাকে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই আমাদের লক্ষ্য। তরুণদের মাঠমুখী করে মাদকমুক্ত একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে চাই। সাইমুম, ঝংকার, আলহেরা ও কলতানের মতো সাংস্কৃতিক সংগঠনগুলো সুস্থ সংস্কৃতির ধারাকে সমৃদ্ধ করছে।”

তিনি আরও বলেন, “সবার সহযোগিতা পেলে ভবিষ্যতে বাউফলে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ করা হবে।”
উদ্বোধনী বক্তব্যে কায়সার হামিদ বলেন, “ফুটবল বিশ্বজুড়েই জনপ্রিয়; বাউফলেও তার ব্যতিক্রম নয়। আজকের দর্শকপ্রবাহই তার প্রমাণ। সামনে জাতীয় নির্বাচন—আপনারা যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন বলে আশা করি।”

আয়োজনের আহ্বায়ক অধ্যাপক খালিদুর রহমান বলেন, “জুলাই শহীদদের স্মরণে প্রতিবছর এই আয়োজন করবে বাউফল উন্নয়ন ফোরাম। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখা এবং সুস্থ সংস্কৃতিচর্চাকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা, সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। ফুটবল ম্যাচের পাশাপাশি পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সবাই।

আজকালের কন্ঠ/আর বি