বাউফলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদ্বোধন | Daily AjKaler Kontho

বাউফলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদ্বোধন


মো:আলী আশরাফ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ৫:১৮ অপরাহ্ন
বাউফলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদ্বোধন

পটুয়াখালীর বাউফলে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বর наনান ধরনের দেশীয় পশু-পাখি, দুগ্ধজাত পণ্য ও আধুনিক প্রযুক্তি প্রদর্শনী দেখতে খামারি, কৃষক ও স্থানীয় মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে।

এবারের প্রতিপাদ্য ছিল— ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি’। উপজেলার শতাধিক খামারি প্রদর্শনীতে অংশ নিয়ে দেশি জাতের গরু, ছাগল, হাঁস–মুরগি, পাখি, খাদ্য ও চিকিৎসাসহ বিভিন্ন প্রযুক্তি তুলে ধরেন। প্রদর্শনীর বিশেষ আকর্ষণ ছিল একটি ছাগলের একসঙ্গে পাঁচটি বাচ্চা প্রসব এবং একটি দেশি গরুর দুইটি বাছুর প্রসবের ঘটনা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, “দেশীয় জাতের পশুপালন এগিয়ে নিতে খামারিদের আরও সচেতন হতে হবে। সঠিক চিকিৎসা, পুষ্টিকর খাদ্য ও আধুনিক প্রযুক্তির ব্যবহার উৎপাদন বাড়াবে—লাভও বাড়বে। বাউফল প্রাণিসম্পদ বিভাগ খামারিদের সব ধরনের সহযোগিতা দেবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু রায়হান। তিনি বলেন, দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই প্রাণিসম্পদ খাত টেকসই অগ্রগতি অর্জন করতে পারবে। বক্তারা আরও জানান, প্রশিক্ষণ, সহায়তা এবং প্রযুক্তিসেবা নিশ্চিত করতে সরকার ইতিমধ্যে নানামুখী উদ্যোগ নিয়েছে।

পুরোদিনজুড়ে অনুষ্ঠিত প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। পরে বর্ণিল সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনী স্থানীয় খামারি ও কৃষকদের প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনায় নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিয়েছে। তাদের মতে, এ ধরনের প্রদর্শনী বাউফলের প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

আজকালের কন্ঠ/আর বি