রামগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা | Daily AjKaler Kontho

রামগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ৪:০৮ অপরাহ্ন
রামগঞ্জে দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দোকানে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় যুবক ইউছুফ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার সাহারপাড়া গ্রামের আলী রেজা বেপারী বাড়ির বাসিন্দা এবং নাগমুদ বাজারের কনফেকশনারী দোকানদার ছিলেন। অভিযুক্ত ইউছুফ একই গ্রামের মাইজের বাড়ির এরশাদ মিয়ার ছেলে। জানা যায়, তিনি প্রবাসে থাকলেও প্রায় দেড় বছর আগে দেশে ফিরে আর বিদেশে যাননি।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে আনোয়ার দোকানে বসে ছিলেন। এসময় ইউছুফ এসে তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। পরে দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার বুক ও পেটে আঘাত করেন। ঘটনার পরপরই ইউছুফ পালিয়ে যান। আহত অবস্থায় স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী জান্নাত আক্তার সাথী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীকে কেন হত্যা করেছে কিছুই বুঝতে পারছি না। ঘাতক নির্মমভাবে তাকে খুন করেছে। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই।”

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, “হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ব্যক্তিগত ঝগড়া থেকে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত ইউছুফ পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।”

আজকালের কন্ঠ/আর বি