
কুমিল্লা ধর্মপুর রেলগেট এলাকায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে তল্লাশি চেকপোস্টে এ হামলায় পুলিশের তিন সদস্য আহত হন এবং পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ জানায়, চেকপোস্টে তল্লাশির সময় রবিনের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হলে সে উত্তেজিত হয়ে এক পুলিশ সদস্যকে কামড় দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় মাদক ব্যবসায়ী চক্র পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাতে যৌথ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আছেন—ধর্মপুর এলাকার ইমরান হোসেন ওরফে ইমু/ইমন (২৮) ও সিয়াম (১৯); মন্দবাগ রেলস্টেশন এলাকার স্থায়ী বাসিন্দা ও ধর্মপুরে ভাড়াটিয়া পারভেজ (৩০); ধর্মপুর রেলগেট এলাকার দুই ভাই আবুল কাশেম ওরফে কাইশ্যা (৫৫) এবং আব্দুর রহমান (৩৮); পশ্চিম বাগিচাগাঁওয়ের মাহফুজ (২৪); ধর্মপুর মেম্বার বাড়ির চামেলী (২৮), রুজিনা (৩০) ও পাখি (৩২); পলাতক রবিনের স্ত্রী সুমি আক্তার (১৮); এবং বলরামপুর এলাকার মো. মাহবুব আলম ওরফে মাসুম (৪৫)।
কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, রবিনকে ধরতে গেলে সে ছুরি নিয়ে পুলিশের ওপর হামলা করে পালিয়ে যায় এবং পরবর্তীতে স্থানীয় মাদক কারবারিরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং পলাতক রবিনকে গ্রেফতারের জন্য বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :