
লক্ষ্মীপুরের রায়পুরে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে “লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক প্রদর্শনী মেলার উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব প্রশান্ত কুমার দাশ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং রায়পুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত এ মেলায় মোট ২২টি স্টল অংশ নেয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রযুক্তি উদ্ভাবক, গবেষণা সংস্থা ও নতুন প্রজন্মের উদ্যোক্তারা উদ্ভাবনী পণ্য, গবেষণা ও প্রযুক্তিগত সাফল্য প্রদর্শন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিনিয়র সায়েন্টিফিক অফিসার অজয় কান্তি মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাহারুল আলম, পানি সম্পদ কর্মকর্তা আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
সভাপতির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান বলেন, স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তিগুলোকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। এতে করে এসব প্রযুক্তি জাতীয় প্ল্যাটফর্মে ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় উদ্ভাবকদের পথ আরও সুগম হবে।
দিনব্যাপী মেলা ঘুরে দেখতে নানা বয়সী মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। স্থানীয় উদ্ভাবকদের প্রদর্শিত প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :