অনলাইন জুয়া-মাদক আত্মহত্যা ও হত্যা লক্ষ্মীপুরে উদ্বেগজনক হারে বাড়ছে অপরাধ প্রবণতা | Daily AjKaler Kontho

অনলাইন জুয়া-মাদক আত্মহত্যা ও হত্যা লক্ষ্মীপুরে উদ্বেগজনক হারে বাড়ছে অপরাধ প্রবণতা


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন জুয়া-মাদক আত্মহত্যা ও হত্যা লক্ষ্মীপুরে উদ্বেগজনক হারে বাড়ছে অপরাধ প্রবণতা

লক্ষ্মীপুর জেলাজুড়ে অনলাইন জুয়া, মাদক, আত্মহত্যা ও হত্যাসহ নানা অপরাধের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই ঘটছে নতুন নতুন অপরাধ। স্থানীয়দের অভিযোগ, পুলিশের নিয়মিত টহলের অভাব ও প্রশাসনিক তৎপরতার ঘাটতির কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন উপজেলায় মাদক ব্যবসা, নারী নির্যাতন, ছিনতাই, চুরি, হত্যা ও আত্মহত্যার মতো ঘটনা বেড়েই চলেছে। বিশেষ করে তরুণ সমাজের মধ্যে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অনলাইন জুয়ার আসক্তি তরুণদের অপরাধের পথে ঠেলে দিচ্ছে। এক স্থানীয় ব্যক্তি বলেন, “অনলাইন জুয়ায় আসক্তরা এখন কোনো অপরাধ করতেও দ্বিধা করে না। টাকার লোভে তারা চুরি, ছিনতাই এমনকি মাদক ব্যবসায়ও জড়িয়ে পড়ছে।”

এ প্রসঙ্গে লক্ষ্মীপুর জেলা মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম বলেন, “অপরাধের এই ক্রমবর্ধমান প্রবণতা সমাজের জন্য এক অশনিসংকেত। তরুণদের মধ্যে নৈতিক অবক্ষয় ও অনলাইন জুয়ার প্রভাব দিন দিন বাড়ছে। প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে। এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, সমাজে সচেতনতা বৃদ্ধি, সাইবার অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করলেই এই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা দাবি করেছেন, তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন এবং অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে তারা স্বীকার করেছেন, জনবল সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে প্রত্যাশিত ফলাফল পাওয়া যাচ্ছে না।

সচেতন মহল মনে করছেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক এবং সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে অনলাইন জুয়া ও মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।

আজকালের কন্ঠ/আর বি