জবিতে আইআরডিসি কর্তৃক ফুড সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

জবিতে আইআরডিসি কর্তৃক ফুড সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


জবি প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
জবিতে আইআরডিসি কর্তৃক ফুড সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইন্টারডিপ্লানারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি) কর্তৃক ‘ফুড সিকিউরিটি: সাসটেইনেবল স্ট্র্যাটেজিস টু মিটিগেট দ্য চ্যালেঞ্জ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসসি) বিভাগের সেমিনার কক্ষে এ সেমিনার হয়।

‎সেমিনারে ইতিহাস বিভাগের শিক্ষার্থী পূর্ণিমা বলেন, ‘সেমিনারে ফুড ইনসিকিউরিটির কারণ ও ফুড সিকিউরিটি নিশ্চিতের নানা দিক আলোচনা করা হয়েছে। নতুন অনেক কিছু জানতে পেরেছি। আমি আমার জায়গা থেকে সচেতন থাকব ফুড সিকিউরিটি নিশ্চিত করতে।’

‎সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। তিনি বলেন, ‘ফুড ইনসিকিউরিটি থেকে স্বাস্থ্য খাতে মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। এর সমাধানে স্মার্ট কৃষি, জলবায়ুবান্ধব উৎপাদন ব্যবস্থা এবং প্রশিক্ষিত ও শিক্ষিত কৃষক গড়ে তুলতে হবে। পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর জোর দিতে হবে। তাতে খাদ্যে ভেজাল ও সিন্ডিকেটের সমস্যা অনেকাংশে কমবে।’

‎প্যানেল আলোচক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, ‘আমরা সবাই যদি বক্তব্য না দিয়ে মাঠে কাজ করি, তাহলে এ সমস্যা সমাধান করা সম্ভব। আমরা সারাক্ষণ ভাবি, আমাদের বাচ্চা কী খাবে, কিন্তু রাস্তার পাশে না খেতে পাওয়া মানুষদের জন্য আমরা কতটা করি? আশা করি, আমাদের বাজেটের কিছু অংশ আমরা এসব মানুষের জন্য রাখব।’

‎প্যানেল আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. কাজী শাখাওয়াত হোসেন ও ড. মোহাম্মদ আলী। সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।

‎সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আজকালের কন্ঠ/আর বি