
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বাসে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১১টি বাসে এসব ফার্স্ট এইড বক্স বিতরণ করেন শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
নিয়মিত বাসে যাতায়াতকারী শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, “আমরা যারা প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের বাসে আসা-যাওয়া করি, আমাদের জন্য এই প্রাথমিক চিকিৎসা সরঞ্জামগুলো অনেক প্রয়োজনীয় অনেক সময় রাস্তায় হঠাৎ দুর্ঘটনা ঘটে যায় বা কেউ অসুস্থ হয়ে পড়ে— তখন তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়ার সুযোগ থাকে না। কিন্তু এখন এসব সরঞ্জাম থাকলে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে। জবি শিবিরের এই উদ্যোগ শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রশংসনীয়।”
আরেক শিক্ষার্থী নাবিদুল ইসলাম বলেন, “আমাদের বাসগুলোর জন্য এই প্রাথমিক সেবা সামগ্রীগুলো অনেক আগেই দরকার ছিল। কিছু দিন আগে আমাদের এক সহপাঠী বাসে যাতায়াতের সময় দুর্ঘটনায় আহত হয়ে হাতে রক্তপাত পর্যন্ত হয়েছিল। তখন তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার মতো কিছুই ছিল না। এখন এসব প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম থাকায় এমন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে সেবা নেওয়া সম্ভব হবে বলে আশা করি।”
উক্ত কার্যক্রম সম্পর্কে জবি শিবিরের অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের বাসগুলোতে আমরা বিভিন্ন সময়ে ছোট-বড় দুর্ঘটনার খবর পাই। দুর্ঘটনা হরহামেশাই ঘটে থাকে। জবি শিবিরের পক্ষ থেকে খোঁজ নিয়ে জেনেছি, প্রাথমিকভাবে চিকিৎসা করার কোনো উপাদান বাসগুলোতে নেই। সেজন্য আমরা জবি শিবিরের পক্ষ থেকে সবগুলো বাসে ফার্স্ট এইড বক্স উপহার দিচ্ছি। আমরা আশা করি, জবিয়ানরা দূর-দূরান্তে যাত্রা করার ক্ষেত্রে ফার্স্ট এইড বক্সের মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হবে। শিক্ষার্থীদের কল্যাণেই আমাদের সকল প্রচেষ্টা।”
এছাড়াও নেতারা জানান, তাদের এই কার্যক্রম আরও চলমান থাকবে।
উল্লেখ্য, গতকাল বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলে ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড বক্স উপহার প্রদান ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :