
নারী ক্রীড়াঙ্গনের বিকাশে আরেকটি অনন্য সংযোজন হিসেবে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে “ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট ২০২৫”-এর আঞ্চলিক পর্ব (জোন–২)-এর শুভ উদ্বোধন।
ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ ০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাছুদ প্রধান। তিনি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপন কুমার রায়, ক্লাস্টার ও শাখা ব্যবস্থাপক, ঢাকা নর্থ এন্ড ময়মনসিংহ রিজিওন, ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং বদরুল ইসলাম দিপু, সম্পাদক, টুর্নামেন্ট কমিটি ও সদস্য, বাংলাদেশ হকি ফেডারেশন।
এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার মো. আল আমিন, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও অসংখ্য ক্রীড়াপ্রেমী।
টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার নারী হকি দল অংশগ্রহণ করছে। নারী খেলোয়াড়দের ক্রীড়া অঙ্গনে সম্পৃক্ত করা ও তাদের নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যেই এই আয়োজনকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বক্তারা বলেন, “নারী হকি বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করছে। ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ হকি ফেডারেশনের এই যৌথ উদ্যোগ নারীদের ক্রীড়ায় অংশগ্রহণকে আরও প্রসারিত করবে।”
তারা আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন টুর্নামেন্টের আয়োজন আরও বিস্তৃত পরিসরে হলে নারী খেলোয়াড়দের আত্মবিশ্বাস, দক্ষতা ও নেতৃত্ব বিকাশে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :