নওগাঁর পোরশায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু | Daily AjKaler Kontho

নওগাঁর পোরশায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু


মোঃ আরাফাত আলী প্রকাশের সময় : অক্টোবর ২৯, ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ন
নওগাঁর পোরশায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

নওগাঁর পোরশা উপজেলায় অবৈধভাবে মাটি বহনকারী এক বেপরোয়া ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হাবিবুর রহমান (১৩) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাক্টরটিতে অগ্নিসংযোগ করে বিক্ষোভ মিছিল শুরু করে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের কপালির মোড়ে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। নিহত হাবিবুর রহমান গোপিনাতপুর গ্রামের সামাদ-এর ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলের টিফিন বিরতিতে বাড়ি ফেরার পথে হাবিবুরকে একটি মাটি বোঝাই ট্রাক্টর চাপা দেয়। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

অনেক দিন ধরে ওই এলাকায় অবৈধ ট্রাক্টরের বেপরোয়া চলাচল এবং প্রশাসনের নজরদারির অভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে।

দুর্ঘটনার খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটি আটক করে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে, পরে খবর পেয়ে পোরশা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক্টরের অবশিষ্টাংশ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি – এভাবে অবৈধভাবে মাটি বহনকারী ট্রাক্টরের কারণে জনজীবন ও শিশুদের নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়েছে। তারা দ্রুত প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।

পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিন্টু বলেন, “ঘটনার পরপরই ট্রাক্টরের চালক পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”