ভুরুঙ্গামারী সীমান্তে ভারত ফেরত বাগেরহাট জেলার সানখোলার এক পরিবারের ৩জন আটক | Daily AjKaler Kontho

ভুরুঙ্গামারী সীমান্তে ভারত ফেরত বাগেরহাট জেলার সানখোলার এক পরিবারের ৩জন আটক


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ৫:৩১ অপরাহ্ন
ভুরুঙ্গামারী সীমান্তে ভারত ফেরত বাগেরহাট জেলার সানখোলার এক পরিবারের ৩জন আটক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশের সময় স্বামী, স্ত্রী ও সন্তানসহ তিনজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— বাগেরহাট জেলার সনখোলা থানার সনখোলা গ্রামের মৃত সোহরাব হাওলাদারের ছেলে সায়মন হাওলাদার (২৩), তাঁর স্ত্রী মোছাঃ সোনিয়া বেগম (২০) এবং তাদের তিন বছরের শিশু আবির হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৬৩/৫ এস নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। স্থানীয়দের সন্দেহ হলে তিনজনকে আটক করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর আওতাধীন বাগভান্ডার বিওপিতে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার মোঃ আব্দুর রশীদের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, সায়মন হাওলাদার ও তাঁর স্ত্রী ২০২২ সালে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং সেখানেই বসবাস করছিলেন। সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষ অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো শুরু করলে তারা এক দালালের সহায়তায় দেশে ফেরার চেষ্টা করেন।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বলেন, “বিজিবির মাধ্যমে আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। যাচাই শেষে তাদের আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকালের কন্ঠ/আর বি