ধর্ম ব্যবসায়ী একটি দল ভোটারদের বিভ্রান্ত করছে: মুরাদ | Daily AjKaler Kontho

ধর্ম ব্যবসায়ী একটি দল ভোটারদের বিভ্রান্ত করছে: মুরাদ


ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
ধর্ম ব্যবসায়ী একটি দল ভোটারদের বিভ্রান্ত করছে: মুরাদ

কোরআন বা হাদিসে কোথায় লেখা আছে বিশেষ কোনো প্রতীকে ভোট দিলে জান্নাত যাওয়া যাবে-আর না দিলে জাহান্নামে যেতে হবে? এমন প্রশ্ন রেখেছেন ঢাকা-২০ আসনের মনোনয়নপ্রত্যাশী ও জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলার সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

উপস্থিত নেতাকর্মী ও ভোটাদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটাদের বিভ্রান্ত করতেই ধর্ম ব্যবসায়ী একটি দল এই ধরনের বক্তব্য দিচ্ছে, যার সাথে ইসলাম ধর্মের কোনো সংযোগ নেই।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে ধামরাই উপজেলা ও পৌরসভার অন্তর্গত সকল ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনসংযোগ ও জনগণকে সম্পৃক্তকরণ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জনগণের ভোটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন উল্লেখ করেন মুরাদ। রাষ্ট্র সংস্কার বিষয়ে তিনি বলেন, আজকে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য যে প্রত্যাশা, সেটা হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে, সেই সংস্কারের রূপরেখা প্রায় আড়াই বছর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছিল। কাজেই বিএনপিকে সংস্কার শেখাতে হবে না। বিএনপি সংস্কারে বিশ্বাস করে।

ভালুম (কালামপুর) আতাউর রহমান খান ডিগ্রি কলেজ মাঠে অধ্যাপক এমএ জলিলের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপি নেতা আবু তাহের মুকুট, খন্দকার আইয়ুব, হাজী লোকমান দেওয়ান, ইবাদুল হক জাহিদ খুররম চৌধুরী টুটুল, শাহজাহান হোসেন শিপু, ইসমাইল হোসেন সুমন প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি