নদী ভাঙন পরিদর্শনে বাউফলের জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ: জিও ব্যাগ স্থাপনে উদ্যোগ গ্রহণের ঘোষণা | Daily AjKaler Kontho

নদী ভাঙন পরিদর্শনে বাউফলের জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ: জিও ব্যাগ স্থাপনে উদ্যোগ গ্রহণের ঘোষণা


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৫, ৭:১৩ অপরাহ্ন
নদী ভাঙন পরিদর্শনে বাউফলের জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ: জিও ব্যাগ স্থাপনে উদ্যোগ গ্রহণের ঘোষণা

পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়ন বারোইপাড়া এলাকায় তেঁতুলিয়া নদীর ভয়াবহ ভাঙন পরিদর্শনে গেলেন জননেতা জনাব ড. শফিকুল ইসলাম মাসুদ। স্থানীয় জনগণের সাথে নিয়ে তিনি ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।

সাম্প্রতিক সময়ের তীব্র ভাঙনে বারোইপাড়া এলাকার বেশ কিছু বাড়িঘর ও কৃষি জমি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

​পরিদর্শনকালে দেখা যায়, নদীর তীরবর্তী এলাকার মানুষজন তাদের শেষ সম্বলটুকু রক্ষায় মরিয়া। জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ নদী পাড়ে দাঁড়িয়ে হাত উঁচিয়ে নদী এবং তার তীরবর্তী এলাকার অবস্থা প্রত্যক্ষ করেন। ভাঙন রোধের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। স্থানীয়দের সাথে আলাপকালে তিনি ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

​এ প্রসঙ্গে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “তেঁতুলিয়া নদীর এই ভাঙন বারোইপাড়া এলাকার মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলেছে। আমি এই এলাকার মানুষের দুঃখ-দুর্দশা গভীরভাবে উপলব্ধি করছি। দ্রুত অস্থায়ীভাবে ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন অত্যন্ত জরুরি। আমি বর্তমান সরকারের দায়িত্বশীলদের সাথে, বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাথে কথা বলবো, যাতে দ্রুত এই এলাকায় জিও ব্যাগ স্থাপন করা যায় এবং স্থায়ী সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।”

​তিনি আরও জানান, নদী ভাঙন একটি পরিবেশগত সমস্যাও বটে। এই বিষয়ে সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান-এর দৃষ্টি আকর্ষণ করে তার কাছেও তিনি বারোইপাড়া এলাকার এই সংকটের কথা তুলে ধরবেন এবং পরিবেশগত দিক বিবেচনা করে স্থায়ী সমাধানের জন্য অনুরোধ জানাবেন।

​জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদের এই তাৎক্ষণিক পরিদর্শন ও উদ্যোগ গ্রহণের আশ্বাসে ভাঙন কবলিত এলাকার মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তারা আশা করছেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে বারোইপাড়া এলাকার নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।

আজকালের কন্ঠ/আর বি