লক্ষ্মীপুর সদরের নেয়ামতপুরে রাস্তা কেটে মাটি নেওয়া: ইউএনও’র সরেজমিন পরিদর্শন | Daily AjKaler Kontho

লক্ষ্মীপুর সদরের নেয়ামতপুরে রাস্তা কেটে মাটি নেওয়া: ইউএনও’র সরেজমিন পরিদর্শন


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
লক্ষ্মীপুর সদরের নেয়ামতপুরে রাস্তা কেটে মাটি নেওয়া: ইউএনও’র সরেজমিন পরিদর্শন

লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নেয়ামতপুর গ্রামে রাস্তা কেটে মাটি নেওয়ার অভিযোগে সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগে জানা যায়, ইউনিয়ন জামায়াত নেতা সরকারি রাস্তা কেটে মাটি নিয়ে যান, এতে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়ে স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মোন্নাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নূর নবী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং বাঙ্গাখা ইউনিয়ন পরিষদের অন্যান্য কর্মকর্তারা।

সরেজমিনে ইউএনও জামশেদ আলম রানা ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

স্থানীয়রা জানান, সরকারি রাস্তা কেটে মাটি নেওয়ায় দীর্ঘদিনের চলাচল ব্যবস্থা ব্যাহত হচ্ছে। উপজেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

আজকালের কন্ঠ/আর বি