জুবায়েদ হত্যার বিচার দাবিতে জবিতে বিক্ষোভ | Daily AjKaler Kontho

জুবায়েদ হত্যার বিচার দাবিতে জবিতে বিক্ষোভ


জবি প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন
জুবায়েদ হত্যার বিচার দাবিতে জবিতে বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ জোবায়েদ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাষ্কর্য চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে শিক্ষার্থীরা — “খুন হয়েছে আমার ভাই, খুনি তোর রক্ষা নাই”; খুন হয়েছে আমার ভাই,“বর্ষা তোর রক্ষা নাই”; “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”; “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”; “একশন টু একশন, ডাইরেক্ট একশন”, “জ্বালো রে জ্বালো আগুন জ্বালো” ইত্যাদি স্লোগান দেয়।

এ সময় পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রিপন রউফ রিপন বলেন, “পুলিশ যে ঘটনার বিবরণ দিয়েছে তা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তারা এখনো সঠিকভাবে তদন্ত করতে পারেনি। আমি দাবি জানাই, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের কঠিন শাস্তি নিশ্চিত করা হোক। আমরা দোষীদের ফাঁসি চাই।”

জুবায়েদের সহপাঠী সজল বলেন, “পুলিশ এখনো বর্ষার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেনি। শুধু বর্ষা মাহিদ নয়, এই ঘটনায় তার পরিবারও জড়িত। আমরা জবিয়ানরা পুলিশের কোনো টালবাহানা মেনে নেব না। গতকাল কোর্টে পুলিশ আমাদের সঙ্গে বাজে ব্যবহার করেছে। আমাদের এক বান্ধবী ভিডিও করতে গেলে তার ফোন কেড়ে নেয়া হয়। পুলিশের এমন আচরণের তীব্র নিন্দা জানাই।”

তিনি আরও বলেন, “আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের কঠিনতম শাস্তি দেওয়া হোক।”

প্রসঙ্গত, জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ও জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

জোবায়েদ হোসাইন বিশ্ববিদ্যালয়ের ২০১৯- ২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। একই সাথে তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। গত এক বছর ধরে জোবায়েদ হোসাইন পুরান ঢাকার আরমানীটোলায় ১৫,নুরবক্স লেনে রৌশান ভিলা নামের বাসায় বর্ষা নামের এক ছাত্রীকে ফিজিক্স ক্যামেস্ট্রী ও বায়োলজি পড়াতেন। ওই ছাত্রী বর্ষার বাবার নাম গিয়াসউদ্দিন। রোববার আনুমানিক বিকাল ৪ টার ৪৫ মিনিটের দিকে ছাত্রীর বাসার তিন তলায় উঠতে সিড়িতে তিনি খুন হন। বাসার নিচ তলার সিড়ি থেকে তিন তলা পর্যন্ত সিড়িতে রক্ত পড়েছিলো।

আজকালের কন্ঠ/আর বি