
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, জনগণ এখন এমন নেতৃত্ব চায়, যারা তাদের জানমাল ও সম্মানের নিরাপত্তা দিতে পারবে। আওয়ামী লীগের অনেক নেতা বিদেশে পালিয়ে গেলেও সাধারণ ভোটাররা দেশে আছে—তারা এখন নিরাপত্তা ও ন্যায়ের পক্ষে থাকা দলের দিকেই ঝুঁকছে।
রবিবার(১৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ শাখার আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি ফয়জুল করীম বলেন, দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষও নিরাপত্তা যেখানে পাবে, সেখানেই তাদের ভোট দেবে। ইসলামী আন্দোলন রাষ্ট্রীয় দায়িত্ব পেলে দেশের প্রতিটি নাগরিকের জানমালের পূর্ণ নিশ্চয়তা প্রদান করবে।
তিনি আরও বলেন, রাস্তা-ঘাট নির্মাণ নয়, ন্যায়ের ভিত্তিতে আইন প্রণয়নই একজন সংসদ সদস্যের প্রধান দায়িত্ব। ইসলামবিরোধী সিদ্ধান্তে শুধু এমপি নয়, সেই এমপিকে নির্বাচিত করা ভোটাররাও দায় বহন করেন। তাই ইসলামসমর্থক প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের রামগঞ্জ উপজেলা সভাপতি ডা. মুহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, লক্ষ্মীপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন এবং লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাকির হোসাইন পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :