বড়াইগ্রামে সাংবাদিকের সঙ্গে বিতর্কে ছাত্রদল নেতা বিপুলের বিরুদ্ধে জিডি | Daily AjKaler Kontho

বড়াইগ্রামে সাংবাদিকের সঙ্গে বিতর্কে ছাত্রদল নেতা বিপুলের বিরুদ্ধে জিডি


মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন
বড়াইগ্রামে সাংবাদিকের সঙ্গে বিতর্কে ছাত্রদল নেতা বিপুলের বিরুদ্ধে জিডি

নাটোরের বড়াইগ্রামে এক সাংবাদিককে লাঞ্ছিত ও হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুলের (৩২) বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দাখিল হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। পরদিন শুক্রবার সাংবাদিক মিনারুল ইসলাম মিলন (৪৬) নিজ নিরাপত্তা ও বিচার চেয়ে বড়াইগ্রাম থানায় জিডি দায়ের করেন। তিনি উপজেলার পারকোল গ্রামের আব্দুল হাই ব্যাপারীর ছেলে এবং দৈনিক ডেসটিনি পত্রিকার বড়াইগ্রাম প্রতিনিধি।

সাংবাদিক মিলনের অভিযোগ, “কিছুদিন আগে পারকোল মৎস্যজীবী পাড়ার পদ্মবিলে জাহিদ হাসান বিপুলকে মাদক সেবন করতে দেখি। তাকে নিষেধ করায় সে ক্ষিপ্ত হয়। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে মাঠে ফুটবল খেলা চলাকালীন আমাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও ইট নিয়ে আক্রমণের চেষ্টা করে। পরে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে। যাওয়ার সময় সে খুনের হুমকি দেয়।”

অভিযোগের বিষয়ে জাহিদ হাসান বিপুল বলেন, “ঘটনার সময় আমাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়েছিল। পরে আমি ভুল বুঝে তার কাছে ক্ষমা চেয়েছি এবং নতও হয়েছি। তবুও তিনি আমার নামে অভিযোগ করেছেন, যা আমাকে কষ্ট দিয়েছে। আমি আশা করছি বিষয়টি ভুল বোঝাবুঝির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।”

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, “সাংবাদিক মিনারুল ইসলাম মিলন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।