বাকেরগঞ্জ ৩৫ বছর নাগরিক সুবিধা থেকে ব/ঞ্চিত পৌর এলাকার জনসাধারণ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ২:৩২ অপরাহ্ন
বরিশালের বাকেরগঞ্জে ১৯৯০ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি ‘ক’ শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও রাতে সড়ক বাতি না জ্বলায় চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসীরা। পৌরসভা প্রতিষ্ঠার ৩৫ বছর হলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পৌর এলাকার জনসাধারণ।
পৌরসভার জনসাধারণ রাতে নির্বিঘ্নে চলাচলের জন্য পৌর কর্তৃপক্ষ ৯টি ওয়ার্ডে বিভিন্ন সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে সৌর বিদ্যুতের খুঁটি দিয়ে সড়ক বাতি স্থাপন করে। সেই সড়ক বাতিগুলোর রক্ষণাবেক্ষণের অভাবে অধিকাংশই এখন অকেজো হয়ে পড়েছে। যে কারণে অন্ধকারে ঢাকা সড়কগুলোতে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সন্ধ্যার পর বের হওয়া মানুষের মধ্যে ভয়-আতঙ্ক বিরাজ করছে।
পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে কিছু সড়ক বাতির খুঁটি দাঁড়িয়ে থাকলেও তার ওপরে নেই বাতি। এ কারণে রাত হলেই পৌর এলাকা অন্ধকারে থাকায় দিন দিন বাড়ছে চুরির সংখ্যা। সন্ধ্যা হলেই অন্ধকার নেমে আসায় পৌর এলাকায় বিভিন্ন রকম অপরাধসহ মাদকের বিস্তার বেড়ে চলছে। এখন অন্ধকার সড়কে চলাচল করতে গিয়ে শিক্ষার্থী ও নারী পথচারীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। স্থানীয় জনসাধারণ চোরের হাত থেকে বাঁচতে ও ঝুঁকিপূর্ণ অন্ধকার সড়কে চলাচলের জন্য নিজেদের উদ্যোগে সড়ক বাতি স্থাপন করে নিয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানায়, পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে তিন শতাধিক সৌর বিদ্যুতের সড়ক বাতি থাকলেও প্রায় শতাধিক সড়ক বাতি অকেজো হয়ে রয়েছে। পৌরসভার ৯টি ওয়ার্ড আলোকিত করতে হলে তিন হাজার সড়ক বাতির প্রয়োজন। যা পর্যাপ্ত বরাদ্দ না থাকায় কার্যকরী ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।৮ নং ওয়ার্ডের বাসিন্দা বিপ্লব মিত্র জনকণ্ঠকে জানান, পৌরসভার ১ নং ওয়ার্ড রুনশি ভিআইপি কলোনির সামনে থেকে বারাইপাড়া সড়কসহ পৌরসভার ৭, ৮, ৯ নং ওয়ার্ডের প্রাণকেন্দ্র থেকে বয়ে যাওয়া চৌমাথা পর্যন্ত সড়কে সন্ধ্যা হলেই অন্ধকারে হারিয়ে যায়।
পৌরসভা থেকে সড়ক বাতি দেওয়া হলেও এ সকল সড়কের বাতিগুলো কয়েক বছর ধরে অকেজো হয়ে রয়েছে। যে কারণে এই এলাকায় চুরিসহ নানা অপরাধ বেড়েই চলছে। সড়ক বাতিগুলো মেরামত অথবা নতুন করে স্থাপন করার জন্য পৌর প্রশাসকের সু-দৃষ্টি কামনা করেছেন তিনি।পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, পৌর এলাকার সড়ক বাতি স্থাপনের জন্য নতুন বাজেট প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে অচল বাতি মেরামত ও নতুন সড়ক বাতি স্থাপন করা হবে বলেও জানান এই পৌর প্রশাসক।
আজকালের কন্ঠ/আর এস/খ
আপনার মতামত লিখুন :