ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি | Daily AjKaler Kontho

ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৫, ৫:১৫ অপরাহ্ন
ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি

আজকালের কন্ঠ ডেস্ক : ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। হ্যাকাররা পেজের প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে একটি হুমকিসূচক বার্তা প্রকাশ দিয়েছেন।

শুক্রবার ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকটির অফিসিয়াল পেজের এক পোস্ট থেকে বিষয়টি নিশ্চিত করেছে হ্যাকার গ্রুপ।

এদিন ব্যাংকটির ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, পেজটির নাম পরিবর্তন করা হয়নি। এর প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে হ্যাকার গ্রুপটির ছবি দেওয়া হয়েছে।

হ্যাকার গ্রুপ দাবি করেছে, ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব শিগগিরই তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে। বার্তায় ‘টিম এমএস ৪৭০এক্স’-এর নামও উল্লেখ করা হয়েছে।

হ্যাক হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম। তিনি জানান, আজকে ভোরে ফেসবুক পেজ হ্যাক হয়েছে। বিষয়টি সমাধানে ব্যাংকের আইটি বিভাগ কাজ করছে।

এদিকে এ ঘটনার পর ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ জানিয়েছেন, ওই সময় ব্যাংকের ফেসবুক পেজে অস্বাভাবিক কিছু পোস্ট দেখা গেছে। তবে এ ঘটনায় ব্যাংকের অনলাইন সেবা ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়।

আজকালের কন্ঠ/আর বি