মা ইলিশ রক্ষায় শুক্রবার মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা | Daily AjKaler Kontho

মা ইলিশ রক্ষায় শুক্রবার মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৫, ৩:৪৬ অপরাহ্ন
মা ইলিশ রক্ষায় শুক্রবার মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা

জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরসহ সারাদেশে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে আগামী ৪ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

এ সময়ে ইলিশসহ যেকোনো ধরনের মাছ আহরণ, পরিবহন, সংরক্ষণ, বাজারজাতকরণ, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

সচেতনতামূলক কার্যক্রম হিসেবে নদী ও উপকূলবর্তী এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ মাইকিং, পোস্টারিং ও প্রচারণা চালিয়ে যাচ্ছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামান জানিয়েছেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতিদিন নদীতে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালাবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিষিদ্ধ সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য সরকার খাদ্য সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে। নিবন্ধিত প্রতি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

মা ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ করে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে বলে আশা করছে লক্ষ্মীপুরে মৎস্য কর্মকর্তা।

আজকালের কন্ঠ/আর বি